ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “তারা আমাকে চুক্তির ধারণা জানিয়েছে। এখন তারা এর সুনির্দিষ্ট ভাষা দেবে।”

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আবারো “দুর্ব্যবহার” করলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানো হতে পারে।

শনিবার (২ মে) ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, “এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।”

তিনি দাবি করেন, ইরানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র বর্তমানে “খুব ভালো অবস্থানে” রয়েছে এবং তেহরান চুক্তিতে আগ্রহী, কারণ দেশটি “বিধ্বস্ত” অবস্থায় রয়েছে।

ট্রাম্প আরো বলেন, ইরানের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষায়, “তারা বুঝতেই পারছে না তাদের নেতা কে। তারা জানেই না তাদের নেতা কে।” একইসাথে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি “আর নেই”।

ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “তারা আমাকে চুক্তির ধারণা জানিয়েছে। এখন তারা এর সুনির্দিষ্ট ভাষা দেবে।”

এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে কূটনৈতিক সমাধান ও উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করে আসছেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স