গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার

তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একই পরিবারের ৩০ জনের লাশ করেছে বেসামরিক প্রতিরক্ষা দল।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম গাজা সিটির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া নিহতরা সালেম পরিবারের সদস্য। তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

ওই হামলায় পরিবারের ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া হাজার হাজার ফিলিস্তিনিকে খুঁজে বের করতে সিভিল ডিফেন্স একটি সংগঠিত অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে এই বাড়িটিতে প্রথম উদ্ধার অভিযান চালানো হয়েছে।

ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের জন্য খননকারী যন্ত্রসহ সীমিত সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরাইল গাজার অর্ধেকেরও বেশি অংশ দখল করে রেখেছে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরের অন্যান্য এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের যুদ্ধে প্রায় ৭০ হাজার ৭০০ জন নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরো এক লাখ ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি