ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইরানের প্রত্যাখ্যান

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের এই হুমকিকে ‘অসহায়, স্নায়বিক, ভারসাম্যহীন এবং একটি বোকামি’ বলে আখ্যায়িত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করার শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ (অল হেল) মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

গতকাল শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এক পোস্টে লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালী খুলে দেয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’ গত ২৬ মার্চ তিনি এ আল্টিমেটাম দিয়েছিলেন।

ট্রাম্প আরো বলেন, ‘সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর ‘চরম বিপর্যয়’ নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের এই হুমকিকে ‘অসহায়, স্নায়বিক, ভারসাম্যহীন এবং একটি বোকামি’ বলে আখ্যায়িত করেছেন।

ট্রাম্পের হুমকির জবাবে এই জেনারেল সতর্ক করে বলেন, ‘তোমাদের জন্যই ভয়াবহ পরিস্থিতির দরজা খুলে যাবে।’

পরে ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেন যেখানে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানে এই বিশাল হামলায় ইরানের অনেক সামরিক নেতাসহ আরো অনেক কিছু ধ্বংস হয়ে গেছে।’

তবে এ হামলা ঠিক কখন চালানো হয়েছে, সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান