ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, দাবি হাউছিদের

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বেশ কয়েকজন আহতও হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ইয়েমেনে ইরান সমর্থিত হাউছিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।

হাউছিরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালানোর এক দিন পর এই হামলা চালায় সৌদি আরব।

হাউছি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় সৌদি আরব বিভিন্ন এলাকার ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে।

যদিও এটি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বেশ কয়েকজন আহতও হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার ওপর হাউছিদের হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন সৌদি নাগরিক আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘নিরপরাধ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হাউছি মিলিশিয়াদের অব্যাহত হামলার গুরুতর পরিণতি হতে পারে।’

সূত্র : বিবিসি