যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের পাল্টাপাল্টি হামলা আপাতত হামলা বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। হামলার পরিবর্তে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়া এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় একদিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে।
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ৫৪ ডলার বা ৪ দশমিক ৮৯ শতাংশ কমে ৮৮ দশমিক ৩৭ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার বা ৫ দশমিক ২৩ শতাংশ কমে ৮৪ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
টানা তিন সপ্তাহ দাম বাড়ার পর দুই ধরনের তেলের দামই প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে সঙ্ঘাত ছড়িয়ে পড়া এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার পর্যন্ত উঠেছিল।
সঙ্ঘাতের প্রভাব লোহিত সাগরেও ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরব থেকে বাব আল-মান্দেব প্রণালী হয়ে এশিয়ায় তেল রপ্তানিও ব্যাহত হয়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সানডে ও অন্যান্য মার্কিন গণমাধ্যমকে বলেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরো সময় দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর এক নোটে বলেন, ‘এখন প্রকৃত কূটনৈতিক সমাধানের পথ খুলে যেতে পারে বলে আশাবাদ বাড়ছে।’ তিনি বলেন, ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আরো স্পষ্টতা রেখে ১৪ দফা সমঝোতা স্মারকে (এমওইউ) ফিরে যাওয়া ইতিবাচক সূচনা হতে পারে।’
তবে হামলা আপাতত বন্ধ থাকলেও জাহাজ চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ চলাচল করেছে।
এ ছাড়া গত রোববার ইয়েমেনের হাউজি গোষ্ঠী লোহিত সাগর উপকূলে সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলা চালানোর পর বাব আল-মান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলও কমে যায়। তবে চীনের একটি সুপারট্যাংকার ওই প্রণালী দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে।
এমএসটি মারকুইয়ের বিশ্লেষক সাউল কাভোনিক বলেন, ‘হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাড়লেও তা ধীরে ধীরে এবং আংশিকভাবে হবে। কারণ অনেক শিপিং কোম্পানি এখনও সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক রয়েছে। নিরাপত্তা নিয়ে আরো আস্থা ফিরে না পাওয়া পর্যন্ত তারা খালি জাহাজ প্রণালীতে পাঠাতে চাইবে না।’
সূত্র: রয়টার্স



