কুয়েতে ফের ইরানের জোরালো ক্ষেপণাস্ত্র হামলা : তীব্র নিন্দায় ইউএই

মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও সামরিক উপস্থিতির কড়া জবাব হিসেবেই অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে এই পাল্টা হামলা চালাচ্ছে ইরান

নয়া দিগন্ত অনলাইন
ইরানি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য
ইরানি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য |সংগৃহীত

কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির জরুরি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, পর পর চার দিন ধরে চলা এসব হামলায় বেশ কয়েকটি স্পর্শকাতর কেন্দ্রে আগুন ধরে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি সংস্কার কাজ জোরকদমে চলছে।

আল জাজিরা মঙ্গলবার (২১ জুলাই) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও সামরিক উপস্থিতির কড়া জবাব হিসেবেই অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে এই পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মার্কিন বাহিনীকে নিশানা করে এই হামলায় জর্ডান, বাহরাইন ও কুয়েতের বেশ কয়েকটি সামরিক অবস্থান আক্রান্ত হয়েছে। একই সাথে ইসলামি বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে থাকা দুইটি তেলবাহী ট্যাঙ্কারেও তাদের হামলায় বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে।

এদিকে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের এই সামরিক তৎপরতাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাহরাইন, কুয়েত ও জর্ডানের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতীম এই রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গৃহীত যেকোনো পদক্ষেপে তাদের সর্বাত্মক সমর্থন থাকবে। পরিস্থিতি নিয়ে গোটা অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।