৪ হাজার শিক্ষার্থীর জন্য গাজায় ‘মক্কা স্কুল’ চালু করল সৌদি আরব

সৌদি আরবের গাজা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। যুদ্ধ ও মানবিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত গাজার শিক্ষা খাতকে সহায়তা এবং শিশুদের নিরাপদ পরিবেশে পড়াশোনায় ফিরিয়ে আনাই এর অন্যতম লক্ষ্য।

নয়া দিগন্ত অনলাইন
উদ্বোধনী দিনে মক্কা স্কুলের নানা মুহূর্তের দৃশ্য
উদ্বোধনী দিনে মক্কা স্কুলের নানা মুহূর্তের দৃশ্য |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ‘মক্কা স্কুল’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেছে সৌদি আরব। মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সৌদি প্রতিষ্ঠান কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের উদ্যোগে নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরির প্রকল্পের আওতায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) আল-আরাবিয়া জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে স্কুলটিতে এক হাজার শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে, পরবর্তী সময়ে এর ধারণক্ষমতা বাড়িয়ে চার হাজার শিক্ষার্থী করার পরিকল্পনা রয়েছে।

সংবমাধ্যমটি আরো জানায়, এর পাশাপাশি বিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৩২টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

সৌদি আরবের গাজা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। যুদ্ধ ও মানবিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত গাজার শিক্ষা খাতকে সহায়তা এবং শিশুদের নিরাপদ পরিবেশে পড়াশোনায় ফিরিয়ে আনাই এর অন্যতম লক্ষ্য।

স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় প্রতিনিধিসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ ও অন্যান্য সুবিধা ঘুরে দেখেন অতিথিরা।

গাজায় সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজের প্রধান ড. ইসাম আবু খলিল বলেন, ‘মক্কা স্কুল’ চালু হওয়া শিশুদের শিক্ষাজীবন পুনরুদ্ধারে একটি আশার আলো। নিরাপদ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে শিশুদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করবে এ উদ্যোগ।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সৌদি আরবের অব্যাহত সহায়তার প্রতিফলন এই প্রকল্প। বিশেষ করে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা মানবিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

পূর্ব খান ইউনিসের শিক্ষা বিভাগের পরিচালক ড. ইবরাহিম রমাদান বলেন, স্কুলটি চালুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কঠিন মানবিক পরিস্থিতির মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রাখা শিশুদের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাজায় কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের চলমান মানবিক প্রকল্পগুলোর অংশ হিসেবেই ‘মক্কা স্কুল’ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি ত্রাণসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে সৌদি সহায়তার ধারাবাহিকতায় নতুন এ স্কুলটি চালু হলো।

সূত্র : আল-আরাবিয়া