জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা আজ সোমবার ফিলিস্তিনের গাজায় ছয় সাংবাদিককে ইসরাইলের টার্গেট করে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে। সংস্থা এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে।
জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, ‘ইসরাইলের উচিত সাংবাদিকসহ সকল বেসামরিক নাগরিককে সম্মান জানানো এবং তাদের সুরক্ষা দেয়া।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় কমপক্ষে ২৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলেও জানান জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।
প্রসঙ্গত, গতকাল রোববার গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার তাঁবুতে মোট ছয় সাংবাদিক নিহত হন। আজ সোমবার আল-শিফা হাসপাতালের পরিচালক জানান, আজ সকালে একজন ফ্রিল্যান্স সাংবাদিকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার আল-জাজিরা জানায়, গাজা সিটিতে তাদের তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলায় মোট পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে খ্যাতিমান সাংবাদিক আনাস আল-শরিফ রয়েছেন।
সূত্র : এএফপি/বাসস



