সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি মদদপুষ্ট একটি ফিলিস্তিনি গোষ্ঠীর অন্তত ৫০ সদস্যকে হত্যা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি চলতি সপ্তাহে ইসরাইলি সেনারা ওই গোষ্ঠীকে রক্ষায় সরাসরি হস্তক্ষেপ করেছে। মানবাধিকার কর্মীদের দাবি, এই গোষ্ঠিটি জাতিসঙ্ঘের ত্রাণের ট্রাক লুটে জড়িত।
ইসরাইলি গণমাধ্যম আই-২৪ এর খবরের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইসরাইলি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, মঙ্গলবার (১০ জুন) গাজা উপত্যকার রাফায় হামাস যোদ্ধাদের সাথে সংঘর্ষে জড়ায় ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন একটি মিলিশিয়া গোষ্ঠী। স্থানীয়ভাবে নিজের অপরাধের জন্য ‘বদনাম’ রয়েছে আবু শাবাবের।
মঙ্গলবার (১০ জুন) এক বিবৃতিতে অ্যান্টি টেরর সার্ভিস বা পপুলার ফোর্সেস নামে পরিচিত আল শাবাবের মিলিশিয়া গোষ্ঠীটি জানিয়েছে, ত্রাণ সুরক্ষা দিতে গিয়ে আমাদের ৫০ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন, যাদের মধ্যে নেতা ইয়াসেরের আত্মীয়রাও রয়েছেন। তারা আরো দাবি করেছে, বিস্ফোরক অপসারণ করতে গিয়েও কিছু সদস্য প্রাণ হারিয়েছেন।
অথচ গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা কাজে নিয়োজিত কর্মীদের মতে— এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে জাতিসঙ্ঘের ত্রাণের ট্রাকগুলো লুট করে আসছে।
গণমাধ্যম আই-২৪ এর প্রতিবেদনে জানা গেছে, হামাস যোদ্ধাদের হাত থেকে আবু শাবাবকে রক্ষায় সরাসরি হস্তক্ষেপ করেছে ইসরাইলি সেনারা। এতে উভয়পক্ষেই হতাহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
ইসরাইলের প্রতিরক্ষা কর্মকর্তারা গত সপ্তাহে এই গোষ্ঠীকে অস্ত্র সহায়তার বিষয়টি স্বীকার করেছেন। হামাসকে দুর্বল করতেই এ সহায়তা করা হচ্ছে বলে দাবি তাদের।
ইসরাইলি গণমাধ্যমটির মতে, গত সপ্তাহে আবু শাবাবের গোষ্ঠীকে সহায়তা করতে প্রথমবারের মতো হামলা করেছে ইসরাইলি বাহিনী। এ ড্রোন হামলায় হামাসের ৪ সদস্য নিহত হয়েছিলেন।
অথচ ইসরাইল দাবি করেছে, কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজামুখী ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তা নিশ্চিতে এ হামলা চালানো হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েনেট জানিয়েছে, আবু শাবাবের গোষ্ঠীটি হামাসের অ্যারো নামে পরিচিত ইউনিটের ছয় সদস্যকে হত্যা করেছে। এ ইউনিটটি সাধারণত ইসরাইলের সহযোগীদের ওপর হামলাগুলো পরিচালনা করে থাকে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের সময় আবু শাবাব গাজার হামাস-নিয়ন্ত্রিত এক কারাগারে মাদক চোরাচালানের অভিযোগে বন্দী ছিলেন। যুদ্ধ শুরুর পর তিনি কিভাবে ছাড়া পেলেন, তা স্পষ্ঠভাবে জানা যায়নি।
বর্তমানে পূর্ব রাফায় শতাধিক সদস্য নিয়ে তার গোষ্ঠীটি কার্যক্রম পরিচালনা করছে। সামাজিকমাধ্যমে তাকে ইসরাইলি এজেন্ট ও বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। হামাস এর মধ্যেই তাকে প্রকাশ্যে হত্যার ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে হামাস বলেছে, ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলা তাকে রক্ষা না করলে আজই সে আমাদের হাতে ধরা পড়তো। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইলের তাকে আজীবন রক্ষা করতে পারবে না। আজ না হয় কাল আমরা বিশ্বাসঘাতকদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করবো।
ইসরাইলের এমন একটি গোষ্ঠীকে অস্ত্র দেয়ার পদক্ষেপ গাজাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন ইসরাইলি বিশ্লেষকরা।



