যুদ্ধ পরিস্থিতি

ইরানের প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দেন, ইরান আন্তর্জাতিক নিয়মকানুনের প্রতি সবসময়ই দায়বদ্ধ। তেহরান কেবল ইরানের মানুষের বৈধ অধিকারটুকুই ফিরে পেতে চায়।

নয়া দিগন্ত অনলাইন
তেহরানে বৈঠক করেছেন আসিম মুনির ও মাসউদ পেজেশকিয়ান
তেহরানে বৈঠক করেছেন আসিম মুনির ও মাসউদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

শনিবার সকালে তেহরানে তাদের এ সাক্ষাৎ হয়।

এ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দেন, ইরান আন্তর্জাতিক নিয়মকানুনের প্রতি সবসময়ই দায়বদ্ধ। তেহরান কেবল ইরানের মানুষের বৈধ অধিকারটুকুই ফিরে পেতে চায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অতীত ইতিহাস ভালো নয়। তাই মার্কিনদের সাথে যেকোনো ধরনের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় আলোচনায় এবার তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছেন।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে পেজেশকিয়ান আরো বলেন, ‘মুসলিম বিশ্ব হলো একটি একক শরীরের মতো। তাই মুসলমানদের নিজেদের ভাগ্য পরিবর্তন ও যেকোনো ধরনের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন জোরালো করার মাধ্যমেই এই সংহতি বাস্তব রূপ পাবে।’

মার্কিন ও ইসরাইলবিরোধী অবস্থানই মূল বাধা

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে ওয়াশিংটনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, বার বার চুক্তি ভঙ্গ করা, আলোচনার মাঝেই নিষেধাজ্ঞা বা আক্রমণ চালানো এবং দেশের শীর্ষ কর্মকর্তাদের গুপ্তহত্যা করার কারণে ইরানিদের মনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি চরম অবিশ্বাস তৈরি হয়েছে।

যুদ্ধ কখনো কারো জন্য ভালো কিছু আনে না উল্লেখ করে তিনি বলেন, এই দ্বন্দ্বে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই জিতবে না, বরং পুরো অঞ্চলের দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে দখলদার ইসরাইল এই অঞ্চলের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে কেবল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এ খবর দিয়ে আরো উল্লেখ করেছে, তেহরান এখন পাকিস্তানসহ বন্ধুভাবাপন্ন দেশগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর ভরসা রাখছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা আলোচনার টেবিলে রয়েছে, তবে তাদের মূল লক্ষ্য কেবল দেশের মানুষের স্বার্থ রক্ষা করা।

আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের সমর্থন

বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের দূরদর্শী চিন্তাভাবনার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা যেন খুব দ্রুত ইরান এবং সামগ্রিক অঞ্চলের জন্য একটি ইতিবাচক ও সম্মানজনক সমাধান নিয়ে আসে।

আসিম মুনির প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সুরে সুর মিলিয়ে বলেন, মুসলমানদের মধ্যকার যুদ্ধবিগ্রহেই ইসরাইল নিজের ফায়দা খোঁজে। যারা এই অঞ্চলে শান্তি ফেরাতে কাজ করছে, ইসরাইল তাদের সবারই ঘোর শত্রু।

আঞ্চলিক মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা গতকালই ইরান সফরে যান। তেহরানে পৌঁছানোর পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আসিম মুনির দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, তার মূল লক্ষ্যই হলো মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী স্থিতিশীলতা আনা এবং নতুন কোনো যুদ্ধের ঝুঁকি রুখে দেয়া।

সূত্র : ইরনা