সোমবার (২২ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম উচ্চপর্যায়ের কমিটির বৈঠক থেকে একটি বড় ধরনের আশাব্যঞ্জক অগ্রগতির খবর এসেছে, যেখানে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ তৈরিতে একমত হয়েছে দুই পক্ষ।
এই ঐতিহাসিক অর্জনের কথা নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার জানিয়েছেন, বুর্গেনস্টকে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে শেষ হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় হওয়া এই বৈঠকে শুধু যে ৬০ দিনের রোডম্যাপ তৈরি হয়েছে তা-ই নয়, রাজনৈতিকভাবে বিষয়টির দেখভালের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং পরবর্তী প্রযুক্তিগত আলোচনার প্রক্রিয়াও শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আনাদোলু জানিয়েছে, আলোচনার এই ইতিবাচক ধারাকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের অব্যাহত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।
দীর্ঘদিনের বৈরিতা ও জটিলতা পেরিয়ে ইরানের কূটনৈতিক অবস্থানের পক্ষে তৈরি হওয়া এই বড় অগ্রগতিতে আনন্দ প্রকাশ করেছে পাকিস্তান। এই ঐতিহাসিক প্রক্রিয়াটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মূল্যবান সমর্থনের জন্য সব ভ্রাতৃপ্রতিম ও বন্ধুভাবাপন্ন দেশকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরিফ। বিশেষ করে এই আলোচনার পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখার জন্য ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে সফলভাবে এই বৈঠকের আয়োজন করার জন্য সুইজারল্যান্ড সরকারকেও ধন্যবাদ জানানো হয়।
পাশাপাশি, একটি শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে আগামীতেও সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নিতে পাকিস্তান তার আন্তরিক ও সৎ ভূমিকা পালন করে যাবে বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



