জাতিসঙ্ঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতের পর ইরানে অত্যন্ত কঠোর পারমাণবিক যাচাই ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
শুক্রবার (২৬ জুন) তিনি এসব কথা বলেছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেন এমন এক সময়ে, যখন যুদ্ধের অবসানে বৃহত্তর একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়েছে।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রোসি জাপানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, (সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান) চুক্তির উদ্দেশ্য হলো, ইরানে যেন কোনো পারমাণবিক অস্ত্রের উন্নয়ন না ঘটে তা নিশ্চিত করা।
তিনি বলেন, ‘কিন্তু শুধু উদ্দেশ্য থাকলেই হবে না। যত শিগগিরই সম্ভব একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা কার্যকর করতে হবে।’
ইরান সরকারও খুব স্পষ্টভাবে জানায়, এটি তাদের উদ্দেশ্য নয়।
আইএইএ প্রধান আরো বলেন, তেহরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে কী করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাম্প্রতিক প্রাথমিক সমঝোতার পর তেহরানের সাথে সংস্থাটির আলোচনা মাত্র শুরু হয়েছে।
গ্রোসি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ কাজ গতি পাবে।’
গত বছর ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের আওতায় তেহরান গত জুলাই থেকে আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিত করে। বাসস



