ইসরাইলের গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে দণ্ডিত দুই ব্যক্তিকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।
দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজান জানায়, ‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড আজ ভোরে কার্যকর করা হয়েছে।’
ওয়েবসাইটটি জানায়, ওই দুই ব্যক্তি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের সদস্য ছিলেন।
তবে তাদের কখন গ্রেফতার করা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।
মিজান জানায়, তাদের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া ‘শত্রু গোষ্ঠী ও জায়নবাদী শাসনের সাথে সহযোগিতা’ করার অভিযোগেও তারা দোষী সাব্যস্ত হয়।
‘জায়নবাদী শাসন’ একটি রাজনৈতিক পরিভাষা। এর মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের নীতি ও কার্যক্রমকে শত্রুতাপূর্ণ বা অবৈধ হিসেবে তুলে ধরার ইঙ্গিত দেয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সূত্র : এএফপি/বাসস



