ক্যানসার হাসপাতালের পাশে মার্কিন বোমাবর্ষণ: তীব্র নিন্দায় ইরান

এই বর্বরোচিত হামলাটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর করা ইসরাইলের নৃশংসতার কথা মনে করিয়ে দেয়। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা প্রচণ্ড কষ্ট আর আতঙ্কের মধ্যে পড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্যানসার হাসপাতালের পাশে মার্কিন বর্বরোচিত ক্ষেপণাস্ত্র হামলা, রোগীদের দ্রুত স্থানান্তর
ক্যানসার হাসপাতালের পাশে মার্কিন বর্বরোচিত ক্ষেপণাস্ত্র হামলা, রোগীদের দ্রুত স্থানান্তর |সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ক্যানসার হাসপাতালের কাছে যুক্তরাষ্ট্রের চালানো ভারী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এই হামলাকে "বর্বরোচিত" আখ্যা দিয়ে দেশটি বলছে, হামলার কারণে হাসপাতালটি থেকে মুমূর্ষু রোগীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে হয়েছে। আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "এই বর্বরোচিত হামলাটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর করা ইসরাইলের নৃশংসতার কথা মনে করিয়ে দেয়। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা প্রচণ্ড কষ্ট আর আতঙ্কের মধ্যে পড়েছে।" তিনি জানান, কেমোথেরাপি নিতে থাকা ২১১ জন রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আহভাজ শহরের বাগাই স্পেশালাইজড হাসপাতালের কাছে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। হাসপাতালের পরিচালক রেজা বাজারকে উদ্ধৃত করে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন হামলার পর হাসপাতালটি অচল হয়ে পড়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হাসপাতালের ব্যবস্থাপক ডক্টর মজিদ বুয়াজার আল জাজিরাকে জানান, হামলার কারণে ২১১ জন রোগীকে স্থানান্তর করতে বাধ্য হতে হয়েছে।

সেখানকার এক স্বাস্থ্যকর্মী আল জাজিরাকে বলেন, "এখানে ক্যানসার আক্রান্তসহ অত্যন্ত সংবেদনশীল রোগীরা চিকিৎসাধীন ছিলেন। দুর্ভাগ্যবশত, এই এলাকার চারপাশে প্রচণ্ড ভারী বোমা হামলা চালানো হয়েছে। কিছু রোগী অক্সিজেন আর ভেন্টিলেটরে ছিলেন। কাউকে কোলে নিয়ে, কারও হাতে স্যালাইনের সুঁই গোঁজা অবস্থায় আর কাউকে হুইলচেয়ারে করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সবাই প্রাণভয়ে বাইরে বেরিয়ে আসেন।"