গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল হামাস

চলতি বছরের মে মাসে ইসরাইল জানিয়েছিল, তাদের সেনা অভিযানে মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। তবে সে সময় এই তথ্যের সত্যতা নিয়ে হামাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এই ব্যক্তি হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এই ব্যক্তি হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার |সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার (৩০ আগস্ট) গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের মে মাসে ইসরাইল জানিয়েছিল, তাদের সেনা অভিযানে মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। তবে সে সময় এই তথ্যের সত্যতা নিয়ে হামাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর কয়েক মাস পর হামাস আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ সিনওয়ারের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে। তবে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নিহত হওয়া আরো কয়েকজন কমান্ডারের সাথে মোহাম্মদ সিনওয়ারের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে তাদের সম্পর্কে লেখা হয়েছে, ‘শহীদ’।

ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ৭ অক্টোবরের হামলার এক বছর পর ইয়াহিয়া সিনওয়ারও ইসরাইলি বাহিনীর হাতে নিহত হন। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

মোহাম্মদ সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিতের পর তার ঘনিষ্ঠ সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ হামাসের সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন। তিনি বর্তমানে গাজার উত্তরাঞ্চলে অভিযান তত্ত্বাবধান করছেন।

সূত্র : রয়টার্স