ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ধ্বংস চেয়ে আল-আকসা মসজিদে বিশেষ প্রার্থনা করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভীর।
বুধবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেন গাভীর আজ বুধবার নিয়ম লঙ্ঘন করে আল আকসা মসজিদে প্রবেশ করেছে। এ সময় ইসরাইলি পুলিশ তার নিরাপত্তায় ছিল। ইহুদিদের আরশ উৎসব উপলক্ষ্যে তিনি সেখানে গিয়ে বিশেষ প্রার্থনা করেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা জানিয়েছে, বেন গাভীর একদল অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে নিয়ে আল আকসায় প্রবেশ করেছেন। তারা পশ্চিম দিকের দরজা দিয়ে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে।
ইসরাইলি গণমাধ্যম ম্যারিভের এক প্রতিবেদনে নিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্ধৃতিতে বলা হয়, বেন গাভিরের আল আকসা মসজিদে প্রবেশের মূল লক্ষ্য ছিলো হামাসের বিরুদ্ধে বিশেষ প্রার্থনা করা। যেন হামাস ধ্বংস হয়ে যায় এবং ইসরাইলি বন্দীদের ফিরিয়ে আনা যায়।
আল জাজিরা জানিয়েছে, মসজিদের প্রাঙ্গণে গিয়ে তালমুদিক রীতিতে বিশেষ প্রার্থনা করে এবং সেখানে বেশ উগ্র আচরণ করে। একইসাথে তারা সেখানে সবজির নৈবদ্য নিয়ে গিয়েছিল।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরাইলি কর্তৃপক্ষ ইহুদিদের বিভিন্ন ধর্মীয় উৎসবের সুযোগকে কাজে লাগিয়ে আল কুদস শহরে উত্তেজনা সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় তারা আকসা মসজিদে প্রবেশ করছে, শহরের বিভিন্ন ফটক বন্ধ করে দিচ্ছে; শহরটিকে সামরিক ব্যারাকে পরিণত করছে।
সূত্র : আল জাজিরা



