ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে একাধিক ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামাসের সাথে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ শুরু হওয়ার নয় মাস পরেও ইসরাইল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে চলেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং একটি হাসপাতাল জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক নাগরিকদের এক সমাবেশে ইসরাইলি হামলায় আটজন নিহত হয়েছেন।
আল-আওদা হাসপাতাল আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকায় দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া শোকাহতদের লক্ষ্য করে এ ড্রোন হামলা চালানো হয়।
এছাড়া গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ আরো পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



