ইসরাইলি পণবন্দীরা গাজার সাধারণ মানুষের মতোই খাবার পাচ্ছে বলে এমন দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সঙ্কটের মধ্যেও তারা পণবন্দীদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে না। তবে জনগণ ও যোদ্ধারা যেটুকু খায়, বন্দীরাও সেটুকুই পাচ্ছে।
হামাসের ভাষায়, চলমান অবরোধের মধ্যে কোনো বিশেষ সুবিধা দেয়া সম্ভব নয়।
রোববার হামাসের বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘(হামাস) ইচ্ছাকৃতভাবে বন্দীদের অনাহারে রাখে না।’
তারা আরো জানায়, ‘তবে আমাদের যোদ্ধা ও সাধারণ জনগণ যা খায়, তারাও একই খাবার খায়। অনাহার ও অবরোধের অপরাধের মধ্যে ইসরাইলি পণবন্দীরা কোনো বিশেষ সুযোগ পাবে না।’



