ইরানি নেতাদের ‘নির্মূল’ করার হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইসরাইলকে ‘ধ্বংস করার পরিকল্পনা’ চালানোর অভিযোগে তার দেশ খামেনিকে হত্যা করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করার চেষ্টাকারী যেকোনো ইরানি নেতাকে ‘নির্মূল’ করার হুমকিও দিয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ |সংগৃহীত

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, ইসরাইলকে ‘ধ্বংস করার পরিকল্পনা’ চালানোর অভিযোগে তার দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করার চেষ্টাকারী যেকোনো ইরানি নেতাকে ‘নির্মূল’ করার হুমকিও দিয়েছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, তেহরানে খামেনির চলমান জানাজা-পরবর্তী শোকযাত্রার জবাবে কাটজ এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইসরাইল যেকোনো সময় এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে কাটজ বলেছিলেন যে, খামেনির ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘মৃত্যুর জন্য চিহ্নিত করা হয়েছে’, যা তেহরানে তীব্র প্রতিবাদের জন্ম দেয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘তেল আবিবে তার পোষ্যদের মুখ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন’।

তিনি আরো বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেয়া হবে।’

সূত্র: আল জাজিরা