লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এতে আরো অনেকে আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।
সংস্থাটি জানায়, নাবাতিয়েহ অঞ্চলের হাব্বুশ ও কফোর শহরের মধ্যবর্তী সড়কে একটি বাড়িতে হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হন।
এ ছাড়া টাইরের উত্তরে কাদমুস সড়কে একটি মোটরসাইকেলে ইসরাইলি ড্রোন হামলায় আরো দুইজন নিহত হন।
টাইর জেলার মারাকেহ শহরের একটি মোড়ে বিমান হামলায় পাঁচজন নিহত হন, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
একই জেলার আইন বাল গ্রামে একটি বাড়িতে হামলায় দুইজন নিহত এবং একজন আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, ইয়াতের এলাকায় চারজন নিহত হয়েছেন। হাব্বুশে দুই শিশুসহ দুজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
এ ছাড়া কানায় একজন, টাইরের জেলেপাড়ার বন্দরে একজন এবং কানা আল-জালিলে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলাগুলোতে হৌশ এলাকায় এক শিশুসহ ১৮ জন আহত হয়েছেন। মারাকেহে ১০ জন, বুর্জ কাল্লাউইয়েহতে তিনজন প্যারামেডিক, কানা আল-জালিলে দুইজন এবং সিদ্দিকিনে একজন আহত হয়েছেন।
অন্যদিকে, কানায় পৃথক আরেকটি হামলায় দুইজন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১,৪২২ জন নিহত এবং ৪,২৯৪ জন আহত হয়েছেন। এতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।



