ইরানে ইসরাইলি হামলার পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে অনেক দেশে ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, জার্মানি, নাইজেরিয়া, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সে অবস্থিত দেশটির দূতাবাসগুলোর এক অভিন্ন বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে ইসরাইলি মিশনগুলো বন্ধ থাকবে এবং কোনো কনস্যুলার পরিষেবা প্রদান করা হবে না।
উল্লেখ্য, শুক্রবার সকালে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ জানিয়েছে, ইসরাইলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে।
ইরানে হামলার পরপরই ‘পাল্টা হামলার শঙ্কায়’ নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরাইলি সরকার।
ইসরাইলের সশস্ত্র বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, ইসরাইলি ভূখণ্ডের দিকে ১০০টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।
এর আগে ইরান ও ইসরাইলের মাঝে পাল্টাপাল্টি হামলা দেখা গেলেও ইরানের মাটিতে এমন সরাসরি সামরিক অভিযান ইরান-ইরাক যুদ্ধের পর এবারই প্রথম।
এদিকে, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরো ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি তার।



