গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, শিশুসহ আহত ৫

গাজা সিটির আল-তুফাহ এলাকায় সামরিক যানবাহন থেকে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির আল-তুফাহ এলাকায় সামরিক যানবাহন থেকে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, জাতিসঙ্ঘের মানবিক-বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর সাথে মিলে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কয়েক ডজন বেসামরিক নাগরিককে সরিয়ে এনেছে। ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোনের তীব্র গুলিবর্ষণের ফলে গত রাত থেকে তারা অবরুদ্ধ ছিলেন।

সম্প্রতি রাফাহ ও দক্ষিণে খান ইউনিসসহ গাজা সিটি ইসরাইলি হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরাইলি বাহিনী প্রতিদিনই শহরগুলোতে হামলা চালাচ্ছে। যা যুদ্ধবিরতির চুক্তির অধীনে হলুদ অঞ্চলের মধ্যে পড়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর আগ্রাসনে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি