ইসরাইলের সাথে যুদ্ধে নিহতের সংখ্যা ১০৬০ জনে পৌঁছেছে : ইরান

ইরান সরকার সতর্ক করে বলেছে, গুরুতর আহতদের বিবেচনা করে নিহতের সংখ্যা এক হাজার ১০০ জনে পৌঁছাতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
৩০ জুন তেহরানের তাজরিশ স্কয়ারে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধে নিহত ইরানি কমান্ডার এবং বিজ্ঞানীদের একটি বড় ব্যানার
৩০ জুন তেহরানের তাজরিশ স্কয়ারে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধে নিহত ইরানি কমান্ডার এবং বিজ্ঞানীদের একটি বড় ব্যানার |সংগৃহীত

ইসরাইলের সাথে যুদ্ধে ইরানে কমপক্ষে এক হাজার ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইরানের সরকার সতর্ক করে জানিয়েছে, এই সংখ্যা আরো বাড়তে পারে।

সোমবার (৭ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের শহীদ ও প্রবীণ-বিষয়ক সংস্থার প্রধান সাঈদ ওহাদি এই তথ্য জানিয়েছেন।

ওহাদি সতর্ক করে বলেছেন, গুরুতর আহতদের বিবেচনা করে নিহতের সংখ্যা এক হাজার ১০০ জনে পৌঁছাতে পারে।

ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান ধীরে ধীরে ধ্বংসের পরিমাণ খতিয়ে দেখছে, যদিও তারা এখনো কত সামরিক উপকরণ হারিয়েছে তা জানায়নি।

এদিকে ওয়াশিংটন-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরানে একাধিক দফায় সংঘটিত ইসরাইলি হামলার ফলে হতাহতের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইরানে এক হাজার ১৯০ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। এই হামলায় আরো চার হাজার ৪৭৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সূত্র : এপি