ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রাজাব হত্যার ঘটনায় ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
২০২৪ সালের জানুয়ারি মাসে গাজা সিটিতে একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরাইলি গুলিবর্ষণের মুখে পড়া একটি পরিবারের সাত সদস্যের একজন ছিল এই ফিলিস্তিনি শিশুটি।
পরিবারের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলেই নিহত হলেও প্রাথমিকভাবে বেঁচে গিয়েছিল সে।
গাজায় যুদ্ধকালীন বোমাবর্ষণ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হিন্দ রাজাবদের বহনকারী গাড়িতে ইসরাইলি গুলি আঘাত হানে।
পরিবারের বেশ কয়েকজন নিহত হলেও ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীদের করা একটি কলব্যাকের জবাব দিতে সক্ষম হয় হিন্দ এবং দীর্ঘক্ষণ সেই ফোনালাপ চলে। পরে গুলির শব্দের মধ্যেই তার ফোন লাইন কেটে যায়।
এমনকি তাকে উদ্ধারের জন্য যাওয়া অ্যাম্বুলেন্সেও গোলাবর্ষণ করা হয়। পরবর্তীতে হিন্দ, তার পরিবার ও অ্যাম্বুলেন্সের ক্রুদের লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনা ওই সময় বিশ্বজুড়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনাটি পর্যালোচনা করার পর’ সামরিক পুলিশ অপরাধ তদন্ত বিভাগকে এই ঘটনার একটি ফৌজদারি তদন্ত শুরুর নির্দেশ দেয়া হয়েছে।
হিন্দ ও তার পরিবারকে বহনকারী গাড়িতে গুলি চালানোর কথা এই প্রথম স্বীকার করল আইডিএফ।
এর আগে আইডিএফের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছিল যে, ঘটনার সময় ওই এলাকায় কোনো ইসরাইলি সেনা উপস্থিত ছিলেন না।
সূত্র: বিবিসি



