ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) রোববার জানিয়েছে, তারা ইসরাইলের বেয়ারশেবা ও তেল আবিব শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসি এই হামলাকে ‘অপারেশন ওয়াদে সাদেক ৪’-এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল ‘খেইবার’ ধরনের, যার ওয়ারহেড ‘অত্যন্ত ভারী’।
এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল যে, তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।
ইসরাইলে প্রায় ২,০০০ জন হাসপাতালে
ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে ইসরাইলে প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের কিছু বেশি সময়ে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তাদের মধ্যে ১২২ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে নয়জনের অবস্থা গুরুতর, যদিও তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালে ভর্তি হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল স্থানীয় সময় ৭টায় এই বিবৃতি প্রকাশ করা হয়।
আরব আমিরাতের একজন বাসিন্দা নিহত
সংযুক্ত আরব আমিরাত কয়েক দফায় ‘ইরান থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ঠেকানোর কথা জানিয়েছে।
কিন্তু ঠেকানো অস্ত্রের একটি টুকরা ভূপাতিত হয়ে দুবাইয়ের একজন বাসিন্দা নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার আরব আমিরাতের কর্মকর্তারা জানান যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে, অন্যদিকে যুদ্ধবিমানগুলো ড্রোন ও অন্যান্য আকাশযানকে ঠেকানোর কাজ করছে।
সূত্র : বিবিসি



