ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রচেষ্টা ইসরাইল বন্ধ করতে পারবে না : ম্যাক্রোঁ

নিউইয়র্কে আসন্ন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করা কয়েকটি দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। বেলজিয়াম সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে অথবা আরো ভূখণ্ড দখল করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রচেষ্টা ইসরাইল থামাতে পারবে না বলে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্যারিস থেকে এএফপি জানায়, নিউইয়র্কে আসন্ন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করা কয়েকটি দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। বেলজিয়াম সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলার পর ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, কোনো সামরিক হামলা, ভূমি দখল বা মানুষকে জোরপূর্বক উচ্ছেদ তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধানের অগ্রগতি থামাতে পারবে না।

এদিকে ফরাসি রাষ্ট্রপ্রধান নিউইয়র্কে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়াকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ফিলিস্তিনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

ম্যাক্রোঁর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন গাজায় ইসরাইল তাদের অভিযান আরো জোরদার করেছে। এই যুদ্ধের কারণে অবরুদ্ধ ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন। এতে ইসরাইলের ওপরও বৈশ্বিক চাপ ক্রমাগত বাড়ছে।

সূত্র : বাসস