গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ২০

হামাস অভিযোগ করেছে, ইসরাইল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ ব্যবহার করতে এবং ‘ইচ্ছাকৃতভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি’ করার জন্য বাধ্য করেছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজা ক্ষুধা বাড়ছে
গাজা ক্ষুধা বাড়ছে |সংগৃহীত

গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৬ আগস্ট) গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘গত মধ্যরাতে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল।

বাসাল আরো বলেন, নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ঘটনাটি ঘটে। ওই ট্রাকটি একটি অনিরাপদ রাস্তা দিয়ে চলছিল। এখানে ইসরাইল আগে বোমা হামলা চালিয়েছিল।

ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

হামাস অভিযোগ করেছে, ইসরাইল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ ব্যবহার করতে এবং ‘ইচ্ছাকৃতভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি’ করার জন্য বাধ্য করেছে।

হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল ট্রাক চালকদের ‘অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ভিড়ে ভরা রুটে চলাচল করতে বাধ্য করছে। ত্রাণ সংগ্রহের জন্য সপ্তাহের পর সপ্তাহ ধরে মৌলিক চাহিদা পূরণের জন্য অপেক্ষা করছে গাজার বাসিন্দারা।’

হামাসের মিডিয়া অফিস বিবৃতিতে আরো বলেছে, ‘ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক মানুষ ট্রাকগুলোতে ভিড় জমায়’।