গাজায় ডব্লিউএইচওর কর্মীদের বাসভবনে ইসরাইলের হামলা

ডব্লিউএইচও জানিয়েছে, তাদের কর্মীদের বাসভবনে তিনবার আক্রমণ করা হয়েছে। এতে কর্মী ও তাদের পরিবার, বিশেষ করে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
সোমবার দেইর আল-বালাহে ইসরাইলি সেনাবাহিনীর বোমাবর্ষণ
সোমবার দেইর আল-বালাহে ইসরাইলি সেনাবাহিনীর বোমাবর্ষণ |সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী সোমবার দেইর আল-বালাহে তাদের কর্মীদের বাসভবন ও প্রধান গুদামে হামলা চালিয়েছে। এর ফলে গাজায় তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ডব্লিউএইচও জানিয়েছে, তাদের কর্মীদের বাসভবনে তিনবার আক্রমণ করা হয়েছে। বিমান হামলায় বাসভবনে আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কর্মী ও তাদের পরিবার, বিশেষ করে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

ইসরাইলি ট্যাঙ্কগুলো সোমবার প্রথমবারের মতো দেইর আল-বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবেশ করেছে। ইসরাইলি সূত্র দাবি করেছে, সেনারা বিশ্বাস করে ওই এলাকায় ইসরাইলি পণবন্দীদের আটকে রাখা হয়েছে। ট্যাঙ্ক থেকে গুলি ও গোলা বর্ষণে ঘরবাড়ি ও মসজিদে আঘাত লাগে। এতে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হন বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাইলি গুলি ও হামলায় কমপক্ষে ১৩০ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন। যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

ডব্লিউএইচও জানিয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে নারী ও শিশুদের সক্রিয় সংঘর্ষের মধ্যে পায়ে হেঁটে আল-মাওয়াসির দিকে সরিয়ে দেয়। পুরুষ কর্মী ও পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বন্দুক তাক করে তল্লাশি চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ডব্লিউএইচও-এর দুই কর্মী ও দুই পরিবারের সদস্যকে আটক করা হয়েছে। পরে তারা জানিয়েছে, তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে একজন এখনো আটক রয়েছেন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এক পোস্টে বলেন, ‘আমরা অবিলম্বে আটক কর্মীর মুক্তি ও সব কর্মীর সুরক্ষা দাবি করছি।’

সূত্র : দ্য গার্ডিয়ান