ইরান-আমিরাতের সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণে সম্মতি

ইরানি প্রেসিডেন্ট বলেন, 'আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছি।'

নয়া দিগন্ত অনলাইন
আমিরাত ও ইরানের জাতীয় পতাকা
আমিরাত ও ইরানের জাতীয় পতাকা |সংগৃহীত

ইরান ও সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে ভবিষ্যৎ সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (১৪ সেপ্টেম্বর) জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে আবুধাবির যুবরাজের সাথে বৈঠকের পর পেজেশকিয়ান এ কথা বলেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, 'আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছি।' ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে উভয় পক্ষ একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছে বলেও তিনি জানান।

দুই নেতা এ সময় আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। একই সাথে এ অঞ্চলে উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টা নিয়েও তাদের মধ্যে কথা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই দুই নেতার এ বৈঠক হলো। গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়। এরপর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোতে একের পর এক হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানও গোটা অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের এ বৈঠককে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।