গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার (৭ জুলাই) ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা সিটি
গাজা সিটি |সংগৃহীত

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার (৭ জুলাই) ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজা শহরের দক্ষিণে সাবরা এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা চালালে এক শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরো তিনজন আহত হন।

এদিকে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বাহিনী গুলি চালায়। এতে একজন ফিলিস্তিনি নিহত ও নয়জন আহত হয়েছেন। অন্যদিকে, মধ্য খান ইউনিসের জোরাত আল-আক্কাদ এলাকায় বেসামরিক নাগরিকদের এক সমাবেশে ইসরাইলি ড্রোন হামলায় আরো একজন নিহত ও তিনজন আহত হন।

আল-মাওয়াসি এলাকায় পথচারীদের লক্ষ্য করে চালানো হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং চার শিশুসহ আরো পাঁচজন আহত হয়েছেন।

এছাড়াও গাজা শহরের বন্দরের কাছে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ড্রোন হামলা, গোলাবর্ষণ এবং সামরিক অনুপ্রবেশের মাধ্যমে প্রতিদিন চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে। এর ফলে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে এক হাজার ৭২ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। পাশাপাশি এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি