আকাশ প্রতিরক্ষা ভেদ করেই ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

শনিবার রাতে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, তেল আবিবের সন্নিকটে লড ও নেস জাইওনা এলাকায় আঘাত করেছে ক্ষেপণাস্ত্রগুলো।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি শহরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরাইলি শহরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র |সংগৃহীত

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েই তেল আবিবের কাছাকাছি মধ্য ইসরাইলে আঘাত করেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র।

শনিবার রাতে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, তেল আবিবের সন্নিকটে লড ও নেস জাইওনা এলাকায় আঘাত করেছে ক্ষেপণাস্ত্রগুলো।

খবরে আরো বলা হয়, মধ্য ও দক্ষিণ ইসরাইলের অনেক এলাকা জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে পুলিশ ও জরুরি সেবা সংস্থার লোকদের পাঠানো হয়।

এদিকে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, জেরুসালেম ও পশ্চিম তীরে উচ্চ শব্দ শোনা যায়। ইরানি কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করায় তার ধ্বংসাবশেষের কিছু ফিলিস্তিনি এলাকা মাসাফার ইয়াত্তায় পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের তথ্য জানা যায়নি।

ইসরাইলের হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্তবর্তী শহর আল-আদিসার আল-খাজান পর্বত এলাকায় এবং দক্ষিণ লেবাননের কফারখেলার ফাতিমা গেটে ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার আরবি বিভাগে এ খবর দেয়া হয়েছে।

লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আরো জানিয়েছে, তারা দিশোন বসতিতে একটি ইসরাইলি আর্টিলারি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

দক্ষিণ লেবাননের খিয়ামের আশপাশের এলাকায় থাকা ইসরাইলি কামানগুলোতে হামলা করার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৫

এদিকে, লেবাননের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, ইসরাইল দক্ষিণ লেবাননের দু’টি শহরে হামলা চালিয়ে শিশুসহ পাঁচজনকে নিহত করেছে এবং আহত হয়েছে আরো সাতজন।

লেবাননের জাতীয় বার্তা সংস্থায় প্রকাশিত জাতীয় জরুরি সেবা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি শত্রু বাহিনী নাবাতিহ জেলার মেফডাউন শহরে হামলা চালিয়ে এক শিশুসহ চারজনকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন। অপর আক্রমণটি চালায় মারজিউন জেলার মাজদাল সেলম শহরে। সেখানে একজনকে হত্যা এবং দুইজনকে আহত করা হয়েছে।

সূত্র : আলজাজিরা