কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও ক্রুরা অক্ষত রয়েছেন; ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা সতর্কতায় যুক্তরাষ্ট্রের দূতাবাস, কুয়েত নাগরিকদের আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত |সংগৃহীত

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।’ এ ঘটনায় বিমানের ক্রুরা ‘অক্ষত অবস্থায় বেঁচে গেছেন’ এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

একইসাথে তাদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ঘটনাটির ‘পরিস্থিতি’ নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সাথে সমন্বয় করছে এবং ‘ঘটনার কারণ’ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে।

ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে বাসায় শেল্টার নিতে অনুরোধ করেছে।

ইউএস অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, ‘দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।’

একইসাথে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে’ বলা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

সূত্র : বিবিসি