দক্ষিণ লেবাননজুড়ে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএ জানায়, শনিবার (২২ আগস্ট) ভোরে ইসরাইলি বাহিনী আল-মানসুরি শহর, বায়ত আল-সায়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জুনের উপকণ্ঠে ভারী কামান দিয়ে গোলাবর্ষণ করেছে।
এনএনএ আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রাতভর এই তিনটি শহর ও গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ অভিযানও চালিয়েছে। এসব এলাকায় ‘কোনো বাড়িই আর অক্ষত নেই’।
হাদ্দাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবালেও একই ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে এবং কাছাকাছি উপত্যকাগুলোতে মেশিনগানের গুলিবর্ষণ করা হয়েছে।
একইসাথে দক্ষিণ লেবাননের আলি আল-তাহির এলাকার আশপাশে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
এছাড়াও দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্য অঞ্চলের গ্রাম ও শহরগুলোর ওপর ক্রমাগত ইসরাইলি ড্রোন উড়তে দেখা গেছে বলেও জানা গেছে।
সূত্র: আল জাজিরা



