মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হলেও ইরানে একতরফা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
ইসরাইলি সংবাদ মাধ্যম 'চ্যানেল ১৩'-এর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনদোলু রোববার(৯ আগস্ট) জানিয়েছে , ওয়াশিংটনের অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলা চালানোর বিকল্প কৌশল প্রস্তুত রাখছে তেল আবিব। যুক্তরাষ্ট্র যখন ইরানের সাথে যুদ্ধ শেষ করতে কোনো কূটনৈতিক 'প্রস্থান পথ' খুঁজছে, ঠিক তখনই ইসরাইলি সামরিক বাহিনী নিজেদের একতরফা বিমান হামলার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে।
এর আগে সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন যৌথ সামরিক প্রধানের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন যুদ্ধের গতিপথ নিয়ে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের সাথে তার উদ্বেগের কথা জানিয়েছেন। সিএনএনের খবর অনুযায়ী, সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজছেন কেইন। তার মতে, উত্তেজনা আরো বাড়লে নতুন ঝুঁকি তৈরি হতে পারে। সেই সাথে শুধু বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন করা কঠিন হবে।
ড্যান কেইন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি সামরিক পদক্ষেপের কারণে সংঘাত আবারো বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেন। তিনি জোর দিয়ে জানান, কেবল বিমান হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য হাসিল করা সম্ভব নয়।



