ইসরাইলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে বিশেষজ্ঞদের চিঠি

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংসতার কারণে ইসরাইল ও তার ক্লাবগুলোকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা’কে আহ্বান জানিয়েছেন ৩০ জনেরও বেশি আইনবিশেষজ্ঞ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজায় চলমান নৃশংসতার কারণে ইসরাইলকে নিষিদ্ধ করা ‘অত্যাবশ্যক’। চিঠিতে জাতিসঙ্ঘের তদন্তকারীদের প্রতিবেদনও উদ্ধৃত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।

চিঠিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক আইন রক্ষা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলি ফুটবলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।

চিঠিতে গাজার ক্রীড়াঙ্গনের ওপর ইসরাইলের ভয়াবহ প্রভাবের কথা তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, ‘ইসরাইল পরিকল্পিতভাবে গাজার ফুটবল অবকাঠামো ধ্বংস করছ। এই হামলা এক প্রজন্মের ক্রীড়াবিদকে নিশ্চিহ্ন করেছে এবং ফিলিস্তিনি খেলাধুলার ভিত্তি ধ্বংস হয়েছে।’

এতে অভিযোগ করা হয়, ‘ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) মানবাধিকার লঙ্ঘন ঘটনাগুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে এবং দমননীতির অংশ হিসেবে কাজ করেছে। আর তা উয়েফা প্রতিযোগিতায় এ সংস্থার অংশগ্রহণকে অগ্রহণযোগ্য করে তুলেছে।’

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোয়েডেন-ফোরজি। আরো ছিলেন জাতিসঙ্ঘের বেশ কয়েকজন সাবেক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইনবিষয়ক গবেষক।

সূত্র : আল জাজিরা