ইরান যুদ্ধ নিয়ে আজই চুক্তির ঘোষণা আসতে পারে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তিনি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব হয়তো একটি ভালো খবর পেতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সাথে এমন একটি চুক্তির ঘোষণা রোববারই আসতে পারে, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার পথ তৈরি করবে।

তিনি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব হয়তো একটি ভালো খবর পেতে পারে।’

ভারত সফরে থাকা রুবিও বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান প্রণালীটি অনেকটাই অবরুদ্ধ করে রেখেছে।

তিনি আরো বলেন, ‘এই চুক্তি এমন একটি প্রক্রিয়া শুরু করবে, যা শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। অর্থাৎ এমন একটি বিশ্ব, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আর কাউকে ভয়ে বা উদ্বেগে থাকতে হবে না।’

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দেয়ার বিষয় অন্তর্ভুক্ত থাকা একটি প্রস্তাবের ‘বেশির ভাগ আলোচনা’ সম্পন্ন হয়েছে।

শনিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আরো কয়েকটি দেশের মধ্যে একটি চুক্তির বেশির ভাগ আলোচনা সম্পন্ন হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।’

সূত্র : এএফপি/বাসস