মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনকেই তিনি এ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী করেন।
আল জাজিরা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ‘দুঃখজনকভাবে’ সমঝোতা স্মারক লঙ্ঘনের কারণেই বর্তমানে এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার পথ আসলে খুবই সহজ। যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। পাশাপাশি সমঝোতা স্মারকে সই করলেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ খুলে যাবে।
অন্যদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শান্তি প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন দেশের মধ্যে ‘অবিরাম কূটনৈতিক আলোচনা ও সমন্বয়ের’ প্রয়োজনীয়তার ওপর জোর দেন।



