গাজা পরিকল্পনা মেনে নিতে ইসরাইলকে চাপ দেয়ার আহ্বান হামাসের

হামাস বলেছে, তারা বোর্ড অব পিস ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি ইসরাইলকে চাপ দিয়ে শান্তিচুক্তির প্রথম ধাপের অধীনে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করানোর আহ্বান জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছে হামাস
ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছে হামাস |সংগৃহীত

গাজার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

গতকাল রোববার এক বিবৃতিতে হামাস জানায়, মিসরে সংগঠনটির এক নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনারের সাথে বৈঠকের পর তারা এই আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে হামাস বলেছে, তারা বোর্ড অব পিস ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি ইসরাইলকে চাপ দিয়ে শান্তিচুক্তির প্রথম ধাপের অধীনে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করানোর আহ্বান জানিয়েছে।

একইসাথে ইসরাইলের সব ধরনের চুক্তি লঙ্ঘন বন্ধ করা, হত্যাকাণ্ড ও সামরিক অভিযান থামানো এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের রূপরেখা অনুমোদন করার জন্যও ইসরাইলের ওপর চাপ প্রয়োগের কথা বলেছে হামাস।

সূত্র : বাসস