ইসরাইলের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামাসের মিত্র হাউছিরা ইসরাইলের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে।
যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’
গত ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাউছিরা নিয়মিতভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি, হাউছিদের মিত্র হামাসও ইসরাইলের ওপর হামলা চালিয়ে আসছে।
শুক্রবার, ইসরাইল হাউছি-অধিষ্ঠিত লোহিত সাগর বন্দর হোদেইদা এবং সালিফে বোমা হামলা চালায়, যার পরপরই একই দিনে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
হামলা অব্যাহত থাকলে হাউছি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইল।
হাউছি-পরিচালিত সাবা বার্তাসংস্থা জানিয়েছে, হাউছি প্রশাসন বলেছে যে এই হামলার ‘বেদনাদায়ক জবাব দেয়া হবে।’
ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হাউছিরা গাজা যুদ্ধের সময় ইসরাইল এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এবং ইয়েমেনের হাউছিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে।
জাহাজ চলাচল রুটে তাদের গুলিবর্ষণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক হামলা চালায়।
তবে চলতি মাসের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র হাউছিদের সাথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে, যেখানে ইসরাইল অন্তর্ভুক্ত ছিল না।
সূত্র : বাসস



