দুবাইয়ে মেরিনার টাওয়ারে পড়লো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি টাওয়ারের বাইরের অংশে আঘাত হানে। ঘটনাটিকে তারা “সামান্য ঘটনা” হিসেবে উল্লেখ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি টাওয়ারে পড়লে আগুন ধরে যায়
প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি টাওয়ারে পড়লে আগুন ধরে যায় |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই মেরিনায় একটি আবাসিক টাওয়ারে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি টাওয়ারের বাইরের অংশে আঘাত হানে। ঘটনাটিকে তারা “সামান্য ঘটনা” হিসেবে উল্লেখ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।

এই ঘটনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছিলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে তাদের লক্ষ্য করে আক্রমণ করা হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলায় বন্দর ও আবাসিক ভবনসহ বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাব হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি