ইরানের রাজধানী তেহরানসহ আরো কয়েকটি কৌশলগত স্থানে ভোররাতে হামলা চালিয়েছে ইসরাইল। রাতের আঁধারে চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।
ইরানের বার্তাসংস্থা তাসনিম ও এবং তেহরান টাইমস পত্রিকা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইরজিসি) কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
তাসনিম জানিয়েছে, ‘আইআরজিসি সদর দফতরে ইসরাইলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি শহীদ হয়েছেন।’
শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দফতরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামি সম্ভবত ইসরাইলি হামলায় নিহত ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা।
১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার সময় সালামি প্রথম বিপ্লবী গার্ডে যোগ দেন। সামরিক পদে উন্নীত হওয়ার সাথে সাথে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে তার জোরাল বক্তব্যের জন্য পরিচিত হয়ে ওঠেন।
২০০০ সাল থেকে ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞা দেয়।
২০২৪ সালে ইরান যখন ইসরাইলের ওপর প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণ চালায়, তখন তিনি বিপ্লবী গার্ডের প্রধান ছিলেন, যেখানে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের সাথে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল।। সালামি বৃহস্পতিবার বলেছেন, ইরান ‘যেকোনো পরিস্থিতি জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
তিনি বলেছিলেন, ‘শত্রুরা মনে করে যে তারা ইরানের সাথে লড়াই করতে পারে, ঠিক যেমন তারা ইসরাইলি অবরোধের থাকা ফিলিস্তিনিদের সাথে লড়াই করে। আমরা যুদ্ধ-পরীক্ষিত ও অভিজ্ঞ।’



