ইরানে ইসরাইলি হামলার নিন্দা সৌদি আরব ও জাতিসঙ্ঘের

শুক্রবার ভোরে ইরানে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। এতে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জাতিসঙ্ঘ।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলার পর তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকারীরা কাজ করছেন
ইসরাইলি হামলার পর তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকারীরা কাজ করছেন |সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত একাধিক স্থানে শুক্রবার (১৩ জুন) ভোরে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিসহ আরো একজন শীর্ষ রক্ষী নিহত হয়েছেন। এদিকে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জাতিসঙ্ঘ।

আরব নিউজ জানিয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। ইসরাইলের হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এবং এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের এই তাৎক্ষণিক আগ্রাসন বন্ধ করার একটি মহান দায়িত্ব রয়েছে।’

অপরদিকে আল জাজিরা জানিয়েছে, জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, জাতিসঙ্ঘ মহাসচিব ‘গভীর সংঘাতে’ না জড়ানোর জন্য সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘মহাসচিব মধ্যপ্রাচ্যে যেকোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার বিষয়ে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন।’