মধ্য ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত : নিহত ৯

মেগেন ডেভিড এডম অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, পূর্ব জেরুসালেম থেকে ৩০ কিলোমিটার দূরত্বের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারীরা
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারীরা |সংগৃহীত

মধ্য ইসরাইলের বেইত শেমেশ সিটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে অন্তত নয়জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের জরুরি সেবা কর্তৃপক্ষ ও মেগেন ডেভিড এডম অ্যাম্বুলেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে।

মেগেন ডেভিড এডম অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, পূর্ব জেরুসালেম থেকে ৩০ কিলোমিটার দূরত্বের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।

ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইল এ তথ্য জানিয়েছে।

মেগেন ডেভিড এডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জাকি হেলার টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি বেইত শেমেশে আঘাত হেনেছে।

এদিকে, টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের সাথে মেডিক্যাল টিম কাজ শুরু করেছে। হতাহতদের বহনে হেলিকপ্টার নিয়োজিত রয়েছে।

ইরানে হামলার বিরুদ্ধে গ্রিসে প্রতিবাদ

ইরানে হামলার প্রতিবাদে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে মার্কিন ও ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। এতে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মূলত গ্রিক কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট এ বিক্ষোভকারীরা ‘ইরান থেকে হাত সরিয়ে নাও’ ও ‘সৌদা ঘাঁটি বন্ধ করো’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছিল।

পুলিশ দূতাবাস দুটিকে ঘিরে রাখে। পুলিশ সূত্র বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ১৩ শতাধিক।

এদিকে, ক্রেট আইল্যান্ডে অবস্থিত সৌদা নৌ-ঘাঁটির নিরাপত্তা বাড়িয়েছে গ্রিস। পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি।

সূত্র : আলজাজিরা