ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতার নীতিতে অটল রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পেজেশকিয়ান তার বক্তব্যে আলোচনার পথে তিনটি প্রধান বাধার কথা উল্লেখ করেন। তার ভাষায়, প্রতিশ্রুতি ভঙ্গ, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক বা রাজনৈতিক হুমকি—এই তিনটি বিষয় প্রকৃত ও ফলপ্রসূ সংলাপের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়।
তিনি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, বিশ্ব এখন এমন আচরণ লক্ষ্য করছে যেখানে কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নেই। “অন্তহীন কপট বক্তব্য এবং দাবি ও বাস্তব কর্মকাণ্ডের বৈপরীত্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট,”—লিখেছেন তিনি।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই প্রসঙ্গে আলাদা এক পোস্টে আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে চাপে রাখা এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন বন্ধ না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়।
গালিবাফ আরো উল্লেখ করেন, ইসরাইলের যুদ্ধংদেহী অবস্থান এবং চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা বাস্তবসম্মত নয়। তার মতে, যুদ্ধবিরতির বারবার লঙ্ঘনের মধ্যে এমন সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়।
এই মন্তব্যগুলো মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট ও আন্তর্জাতিক কূটনীতির জটিল বাস্তবতাকে আবারো সামনে নিয়ে এসেছে, যেখানে সংলাপের আহ্বানের পাশাপাশি পারস্পরিক অবিশ্বাস ও কৌশলগত অবস্থান স্পষ্ট হয়ে উঠছে।
সূত্র: আল জাজিরা



