পারস্য উপসাগরে আটকা পড়েছেন ২০ হাজার নাবিক

হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে পারস্য উপসাগরে প্রায় এক হাজার ৫০০ জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাহাজ চলাচল
জাহাজ চলাচল |সংগৃহীত

হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে পারস্য উপসাগরে প্রায় এক হাজার ৫০০ জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। বৃহস্পতিবার (৭ মে) জাতিসঙ্ঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এ তথ্য জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ তেহরানকে অঞ্চলজুড়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধ সৃষ্টি করতে উস্কে দিয়েছে।

আইএমও-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় এক হাজার ৫০০ জাহাজ আটকা পড়েছে।’

তিনি জানান, বিশ্বে মোট ব্যবহৃত পণ্যের ৮০ শতাংশেরও বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়।

শিল্প নির্বাহী ও আইএমও প্রতিনিধিদের এক সমাবেশে ডোমিঙ্গেজ বলেন, আটকে পড়া নাবিকরা ‘নির্দোষ মানুষ, যারা প্রতিদিন অন্যান্য দেশের স্বার্থে কাজ করছেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন।’

সূত্র: মিডল ইস্ট আই