পাইলট অনুসন্ধান অভিযানে যুক্ত মার্কিন উড়োজাহাজ ধ্বংসের দাবি ইরানের

শুক্রবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে বের করার প্রতিযোগিতায় ছিল।

নয়া দিগন্ত অনলাইন
তিনটি মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছে ইরান
তিনটি মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছে ইরান |প্রতীকী ছবি

ইরানের সামরিক বাহিনী রোববার দাবি করেছে, ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে বের করার অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের তিনটি উড়োজাহাজ তারা ধ্বংস করেছে।

শুক্রবার থেকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে বের করার প্রতিযোগিতায় ছিল। পরে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই কর্মকর্তা উদ্ধার করা হয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে জানায়, ‘ইসফাহানের দক্ষিণাঞ্চলে শত্রুপক্ষের অনুপ্রবেশকারী উড়োজাহাজ—যার মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান রয়েছে—আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে আগুনে জ্বলছে।’

তারা আরো দাবি করে, মার্কিন উদ্ধার অভিযানটি ‘ব্যর্থ’ হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মরুভূমি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে এখনো ধোঁয়া উঠছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, এই উদ্ধার অভিযানের সময় চালানো হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। তবে তারা বেসামরিক না সামরিক সদস্য—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার থেকে ইরানি গণমাধ্যমে এমন ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের—কেউ কেউ পতাকা ও রাইফেল হাতে—পাইলটকে খুঁজতে দেখা যায়।

কর্তৃপক্ষ তথ্য দেয়ার জন্য পুরস্কার ঘোষণার পর তারা এই অনুসন্ধানে অংশ নেয়।

এর আগে রোববার ভোরে ট্রাম্প জানান, দ্বিতীয় ক্রু সদস্য ‘সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ’ উদ্ধার হয়েছেন।

সূত্র : এএফপি/বাসস