দুর্নীতির অভিযোগে ১২০ সৌদি সরকারি কর্মচারী গ্রেফতার

শুধু ২০২৪ সালের জানুয়ারিতেই দুর্নীতি, অর্থপাচার ও প্রভাব বাণিজ্যের অভিযোগে ১,৭০৮ জনকে গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সৌদি পতাকা
সৌদি পতাকা |সংগৃহীত

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মাসে ১২০ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন নাজাহা। গ্রেফতারদের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা চলতি মাসে ৪৩৫ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং দুর্নীতির সন্দেহে তাদের মধ্য থেকে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পৌরসভা ও গৃহায়ন, মানবসম্পদ, পরিবহন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ যাকাত, কর ও শুল্ক বিভাগে কর্মরত ছিলেন।

নাজাহা আরো জানিয়েছে, সরকারি পদের অপব্যবহারকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং তারা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব দুর্নীতি দমনে কঠোর অবস্থান নিয়েছে। শুধু ২০২৪ সালের জানুয়ারিতেই দুর্নীতি, অর্থপাচার ও প্রভাব বাণিজ্যের অভিযোগে ১,৭০৮ জনকে গ্রেফতার করা হয়। এগুলো প্রায় ৪ হাজার তদন্ত ও ৩৭ হাজারের বেশি তদারকির ফলাফল।

এর আগে ২০২৩ সালের হজ মৌসুমে নাজাহা মক্কার পবিত্র স্থানসহ সংশ্লিষ্ট এলাকায় ৯,৬০০টি অভিযান চালিয়ে ১৫৫ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল।

সূত্র : গালফ নিউজ