ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলার ব্যাপারে নিন্দা জানাচ্ছে বিশ্ব সম্প্রদায়। বক্তব্য দিয়েছে বিশ্ব পরাশক্তিগুলোর অন্যতম রাশিয়া। এবার মুখ খুললো আরেক পরাশক্তি চীন।
তারা এ অঞ্চলের ঘটনাবলীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। সেইসাথে আরো উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে পুনরায় সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে দেশটি।
এর আগে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই পদক্ষেপকে ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেছে এবং বলেছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দেশটি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাই।’ বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
তিনি উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সাথে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন, তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি।
সূত্র : আলজাজিরা, বিবিসি



