পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হাতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমতীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যরা ১৫ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরাইলের দাবি, ওই দুই কিশোর আক্রমণ চালানোর চেষ্টা করছিল।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমতীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। যা ইতোমধ্যে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। ইসরাইলি সামরিক বাহিনী ও সরকারের ভেতর থেকেও ঘটনাগুলো সমালোচনার মুখে পড়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘কারমেই জুর সম্প্রদায়ের সংলগ্ন এলাকায় অভিযানরত আইডিএফ সৈন্যরা সন্ত্রাসী হামলা চালানোর জন্য আসা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে।’

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষও বিস্তারিত তথ্য দেয়নি।

হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার গাজায় আটক শেষ চার পণবন্দীর মধ্যে একজনের লাশ ইসরাইলকে হস্তান্তর করার পর এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

সূত্র : বাসস