যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেছেন, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার (৯ অক্টোবর) বৈঠকে মুক্তির জন্য ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা অনুমোদন করবে। এরপর গাজায় আটক ইসরাইলি পণবন্দীদের হস্তান্তরের জন্য হামাসকে ৭২ ঘণ্টা সময় দেয়া হবে।
যদি অনুমোদন নিশ্চিত হয়, তাহলে গাজায় আটক বাকি জীবিত ইসরাইলি পণবন্দীদের আগামী রোববার বা সোমবার হস্তান্তর করা হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সাথে কথা বলার সময় লেইটার সতর্ক করে বলেন, ইসরাইল আশা করে এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাবে। তবে এটি নির্ভর করবে হামাস তার শর্তাবলী কতটা ভালোভাবে বাস্তবায়ন করে তার ওপর।
তিনি বলেন, ‘আমরা আশা করি এর ফলে গাজাবাসী ও ইসরাইলের স্বার্থে সংঘাত সম্পূর্ণ বন্ধ হবে এবং গাজার পুনর্গঠন করা হবে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু এটি প্রথম পর্যায়, এবং আগামী কয়েক দিনের মধ্যে আমাদের প্রথম পর্যায়টি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হবে।’
সূত্র : আল জাজিরা



